আয়মান-মুনজেরিনের যুগল ইনিংস শুরু

১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৫৮  

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদের বাহুডোরে আবদ্ধ হলেন প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে। 

বিয়ের পর বিকাল সোয়া পাঁচটায় আয়মান সাদিক তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ত্রী মুনজেরিনের সঙ্গে পাঞ্জাবি পরা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনুভূতিটা অদ্ভুত।  

https://www.facebook.com/aymansadiq10/posts/879861303491011?ref=embed_post

ওই ছবিতে হালকা গোলাপি রঙয়ের শাড়ি পরা অবস্থায় দেখা যায় মুনজেরিন শহীদকে। নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। মসজিদের ভেতরে পরিবারের সদস্যদের সঙ্গে বসে থাকা অবস্থায় আয়মান সাদিকের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এর আগে তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই কার্ডে দেখা গেছে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে। অনুষ্ঠান সন্ধ্যা ৭টায়। স্থান সেনাকুঞ্জের হলরুম।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এ প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজি শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। 

তবে সম্প্রতি চ্যানেল আইয়ে এই দুইজন-কে নিয়ে একটি অনুষ্ঠানেই যুগল জীবনের বার্তা স্পষ্ট হয়েছিলো আয়মান-মুনজেরিন এর প্রশ্নোত্তর পর্বে।